মহাকাশে নতুনের ডাক: আর্টেমিস
কবি : আব্দুল মুসরেফ খাঁন
চাঁদের দেশে আবার মানুষ, নতুন দিনের ডাক,
অন্ধকারের বুক চিরে আজ কাটবে স্মৃতির জট।
আর্টেমিস আজ ডানা মেলেছে নীল আকাশের গায়,
মহাশূন্যে জয়ের নিশান মানুষ ওড়াতে চায়।
ওরিয়ন সেই রথ সেজেছে মহাশক্তি সাথে,
নক্ষত্ররা প্রহর গোনে একলা নিঝুম রাতে।
চারজন সেই দুঃসাহসী বীরের তরী ভাসে,
অচিন দেশের মায়ার টানে তারা আজ হাসে।
অ্যাপোলো সেই দিন ফুরিয়েছে পঞ্চাশ বছর আগে,
নতুন আশার প্রদীপ এবার সবার মনে জাগে।
চাঁদের মাটির গন্ধ নিতে কক্ষপথে ঘোরা,
আঁধার পথে আলোর দিশা গ্রহ-নক্ষত্র ভরা।
রেড ওরিয়ন ছুটছে বেগে অগ্নিশিখা ঢেলে,
মানুষ এবার স্বপ্ন দেখে দুই আঁখিপাতা মেলে।
চাঁদের পিঠে নামার আগে প্রদক্ষিণের পালা,
মহাকাশে আজ জ্বলছে যেন লক্ষ প্রদীপ জ্বালা।
যান্ত্রিক সেই জটিল জালে বিজ্ঞানেরই জয়,
মানুষ এখন জয় করেছে আদিম মনের ভয়।
চন্দ্রপানে একলা চেয়ে নীল গ্রহের সেই কায়া,
মহাশূন্যে ছড়িয়ে আছে বিশ্বপিতার মায়া।
ভবিষ্যতের নতুন দুয়ার খুলবে এবার হাতে,
মানুষ যাবে দূর মঙ্গলে এই মিশনেরই পথে।
আর্টেমিস ২ নাম লিখে রয় ইতিহাসের পাতায়,
বিজয়গাথা লিখছে সময় নতুন কোনো খাতায়।
গৌরবের এই যাত্রা পথে পৃথিবী আজ খুশি,
আবিষ্কারের আনন্দে ভাই হাসছে বিশ্ববাসী।
চাঁদের কোল পেরিয়ে এবার মহাকাশের জয়,
আর্টেমিস আজ দিচ্ছে দিশা—স্বপ্ন সত্যি হয়।
0 Comments