বিজ্ঞানের জয়গান: ডিএনএ-র নতুন প্রাণ
কবি : আব্দুল মুসরেফ খাঁন
অণুবীক্ষণ যন্ত্রের তলে জাগছে নতুন আশা,
বিজ্ঞানী আজ দিচ্ছে ভাষা, মিটছে পিপাসা।
কোষের ভেতর লুকিয়ে থাকা রহস্যের জাল,
ছিঁড়ছে মানুষ নিপুণ হাতে, কাটছে মন্দ কাল।
CRISPR নামক জাদুকরী এক কাঁচি চলল হাতে,
রোগের শিকড় উপড়ে ফেলে নতুন দিনের সাথে।
ডিএনএ-র ওই শিকল কাটে, জোড়া লাগায় ভুল,
ভবিষ্যতের বাগান জুড়ে ফুটছে আশার ফুল।
জন্মগত কষ্টের দিন হবে এবার শেষ,
সুস্থ দেহে জাগবে আবার সুন্দর এই দেশ।
বংশগতির জটিল জট সব হচ্ছে অবসান,
বিজ্ঞানের এই আবিষ্কার যে বিধাতার সেরা দান।
ক্যানসার আজ হার মানবে, মিলবে চির জয়,
ভ্যাকসিন আর থেরাপিতে নেইকো কোনো ভয়।
রক্তে মেশা মরণব্যাধি বিদায় নেবে ধীরে,
হাসি ফুটবে আবার সবার বিষণ্ণ ওই নীরে।
স্মৃতি হারানো আলঝেইমার হবে যে অতীত,
মস্তিষ্কে আজ বাজবে আবার চেতনার সঙ্গীত।
ছন্দ মিলবে চিন্তার ঘরে, থাকবে স্মৃতি মনে,
অন্ধকারের অবসান আজ বিজ্ঞানের এই ক্ষণে।
নতুুন প্রাণের স্পন্দন ওই কোষের গহীনে,
নতুন সাজে সাজছে মানুষ আপন মহিমায় দিনে।
অসুখ বিসুখ পালাবে সব সুস্থতারই টানে,
মুক্ত জীবন বইবে ধারা আনন্দেরই গানে।
ল্যাবরেটরির আলোতে আজ কাটছে কালো রাত,
বিজ্ঞানীরা দিচ্ছে হাতে নতুন এক প্রভাত।
সৃজনী এই শক্তি দিয়ে গড়ব নতুন পৃথিবী,
সুস্থ সুখে আঁকব মোরা জীবনের রঙিন ছবি।
ত্রিভুবন আজ অবাক মানুক মানুষের এই জয়ে,
এগিয়ে চলি আমরা সবাই দুর্জয় নির্ভয়ে।
বিজ্ঞানের এই জয়যাত্রা থামবে নাকো আর,
সুস্থ দেহের বিশ্ব গড়া স্বপ্ন যে সবার।
0 Comments