মহাকাশের নতুন চোখ

 



মহাকাশের নতুন চোখ

কবি : আব্দুল মুসরেফ খাঁন


নিলীম আকাশ অসীম কালো, সুদূর তারার দেশ,

সেথায় আঁধার কাটল বুঝি, ঘুচল অন্ধকারের রেশ।

জেমস ওয়েব ওই পাড়ি দিল স্বপ্ন ডানায় চেপে,

মহাবিশ্বের আদিম কথা উঠল আকাশ কাঁপিয়ে।

সোনার আয়না আলোক ধরে লেন্সের কারসাজি,

পুরানো সেই গ্যালাক্সি সব আজ দেখতে রাজি।

যোজন যোজন দূরে তারা জ্বলছে ধ্রুবর মতো,

অতীত দিনের গল্প শোনায় কোটি কোটি শত।

ধুলোর মেঘে ঢাকা ছিল যে সব তারার আঁতুড়ঘর,

পর্দা টেনে সরিয়ে দিয়ে দেখায় নিরন্তর।

ইনফ্রারেড আলোক রেখা অদৃশ্যের ওই টানে,

নতুন ছবির পরশ বুলায় বিজ্ঞানীদের প্রাণে।

বিগ ব্যাং-এর পরের মুহূর্ত অবাক করা ছবি,

আলোর খেলায় হার মেনে যায় আকাশকুসুম সবি।

নীহারিকার রঙিন মেলা, তারার জন্ম-মৃত্যু,

মহাজগতের পরতে পরতে গভীর গোপন তন্তু।

নতুন কোনো গ্রহের দেশে প্রাণের আছে কি খোঁজ?

খুঁজছে টেলিস্কোপটি বসে নিরলস দিন-রোজ।

বিজ্ঞানের এই জয়যাত্রা অসীমের দিকে চলা,

অজানা সব রহস্য আজ হচ্ছে খুলে বলা।

মহাকাশের ওই বিশালতায় আমরা কত ক্ষুদ্র,

তথাপি এই ক্ষুদ্র মানুষই জয়ী করছে সমুদ্র।

সমুদ্র নয়, আকাশ পাতাল বিশ্ব-চরাচর,

মর্ত্যলোকের মানুষ আজ মহাকাশেরি ঘর।

আলোর বেগে ছুটছে তথ্য গহন অন্ধকার চিরে,

স্মৃতিরা সব ফিরছে আবার বর্তমানেরই তীরে।

মানুষের এই জয়গান গাও ওগো বিশ্ববাসী,

জেমস ওয়েব টেলিস্কোপে ফুটছে জয়ের হাসি।

প্রযুক্তির এই চরম শিখর জ্ঞান ও বুদ্ধির দান,

মহাবিশ্বের মাঝে মোরা গাইব জয়গান।

অনাগত ওই দিনগুলো সব আসুক জ্ঞানের আলোয়,

মানুষ যেন থাকতে পারে বিজ্ঞানেরই ভালোয়।


Post a Comment

0 Comments