মহাকাশে নতুনের ডাক



                                                                মহাকাশে নতুনের ডাক

কবি : আব্দুল মুসরেফ খাঁন


নীল গ্রহ ছেড়ে আজ মানুষের পাড়ি,

মঙ্গলে গড়ে ওঠে স্বপ্নের বাড়ি।

নাসা আর স্পেস-এক্স হাতে হাত ধরে,

অজানাকে চিনে নিতে অভিযান করে।

মহাকাশযান ছোটে নক্ষত্র পানে,

নতুন আশার কথা বিজ্ঞানে ভানে।

রাঙা মাটি, ধুলো ওড়া রুক্ষ সে দেশ,

তবুও চলছে খোঁজা নেই তার শেষ।

রোভাররা ঘুরে ফেরে গিরিখাত মাঝে,

তথ্য পাঠায় তারা কত নব সাজে।

মাটির গভীরে যদি মেলে জলধারা,

উত্তেজনায় তবে হবে দিশাহারা।

প্রাচীন প্রাণের চিহ্ন যদি যায় পাওয়া,

বদলিয়ে যাবে তবে জগতের হাওয়া।

ল্যান্ডার নামে আজ লাল ধুলো মেখে,

ভবিষ্যতের ছবি ধীরলয়ে এঁকে।

বিজ্ঞানীদের চোখে আগামীর আশা,

ভিনগ্রহে গড়ে হবে মানুষের বাসা।

দূরবীনে ধরা পড়ে ছায়াপথ কায়া,

মঙ্গলে জাগে আজ জীবনের মায়া।

কোটি মাইল দূরে ওই ধুধু মরুভূমি,

মানুষের সাহসেতে আজ মাথা চুমি।

রোবটের হাত ধরে মানুষের জয়,

অজানাকে জয় করে ঘুচে যাবে ভয়।

অক্সিজেন জেনারেটর চলে অবিরাম,

মানুষ লিখবে সেথা বিজয়ের নাম।

কল্পনা নয় আর, ধ্রুব সত্য সে আজ,

মহাকাশে শুরু হলো মানবের কাজ।

পৃথিবীর মায়া রেখে নতুনের টানে,

জীবন ছুটছে আজ মঙ্গলের পানে।

বিজ্ঞানের আলো জ্বেলে আঁধার নাশি,

মহাবিশ্বে বাজবে আজ জয়েরই বাঁশি।


Post a Comment

0 Comments